টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি রাইফেলসহ ৭০ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি রাইফেল, তাজা গুলি ও ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (১১ মে ২০২৬) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাত ৩টার দিকে টেকনাফ থানাধীন লেদা খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযান চলাকালে সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি রাইফেল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি এবং ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বাহিনীটি।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”