ছুটির দিনে দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে ডিসি হিল
(আহমদ রেজা) চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: নগর জীবনের ব্যস্ততা ও কোলাহল থেকে কিছুটা স্বস্তি খুঁজতে ছুটির দিনে চট্টগ্রামের মানুষের অন্যতম পছন্দের গন্তব্য হয়ে উঠেছে ডিসি হিল। প্রাকৃতিক সৌন্দর্য, নির্মল পরিবেশ ও পরিবারবান্ধব আয়োজনের কারণে প্রতিদিনই এখানে ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থীরা। বিশেষ করে শিশু-কিশোরদের খেলাধুলা, বয়োজ্যেষ্ঠদের শরীরচর্চা এবং পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর জন্য স্থানটি এখন এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের আওতাধীন ডিসি হিল বর্তমানে পরিবার, বন্ধু-বান্ধব ও বয়োজ্যেষ্ঠদের বিনোদন এবং শরীরচর্চার একটি গুরুত্বপূর্ণ পরিবেশবান্ধব স্থানে পরিণত হয়েছে। সপ্তাহের ছুটির দিনগুলোতে এখানে শিশু-কিশোরদের খেলাধুলা, আড্ডা ও আনন্দঘন সময় কাটাতে দেখা যায়। পাশাপাশি বয়োজ্যেষ্ঠরাও শরীরচর্চা ও হাঁটাহাঁটির মাধ্যমে সময় উপভোগ করেন।
ডিসি হিলে রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও বনজ গাছের সারিবদ্ধ নার্সারি, যা দর্শনার্থীদের আকৃষ্ট করে। এছাড়া পাবলিক শৌচাগার, খেলাধুলার ব্যবস্থা, কবি-সাহিত্যিকদের আলপনা ও নান্দনিক শিক্ষণীয় দৃশ্য স্থানটির সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি পরিচ্ছন্নতা ও মনোরম আবহের কারণে ডিসি হিল এখন নগরবাসীর কাছে অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে।