মোচনী এলাকায় সাইক্লোন সেন্টার নির্মাণের দাবিতে এলাকাবাসীর আহ্বান
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকায় জরুরি ভিত্তিতে একটি আধুনিক সাইক্লোন সেন্টার স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর পক্ষে এ দাবি তুলে ধরেন মুরতাজা হাসান মুরাদ।
স্থানীয় সূত্রে জানা যায়, মোচনী এলাকায় স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা জনগোষ্ঠী মিলিয়ে হাজারো মানুষের বসবাস রয়েছে। তবে দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দুর্যোগকালীন নিরাপদ আশ্রয়ের জন্য কোনো সাইক্লোন সেন্টার নেই। ফলে প্রতি বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের সময় চরম আতঙ্ক ও অনিরাপদ পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হয় এলাকাবাসীকে।
এলাকাবাসীর অভিযোগ, উপকূলীয় ঝুঁকিপূর্ণ অঞ্চল হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত সেখানে একটি নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণ না হওয়ায় দুর্যোগের সময় নারী, শিশু ও বয়স্কদের সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হয়।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে মুরতাজা হাসান মুরাদ বলেন, “একটি সাইক্লোন সেন্টার শুধু একটি ভবন নয়, এটি হাজারো মানুষের জীবন রক্ষার নিরাপদ আশ্রয়। দুর্যোগের সময় মানুষ কোথায় আশ্রয় নেবে, তা নিয়ে চরম অনিশ্চয়তায় থাকতে হয়। তাই দ্রুত মোচনী এলাকায় একটি আধুনিক সাইক্লোন সেন্টার স্থাপন অত্যন্ত জরুরি।”
তিনি সংশ্লিষ্ট প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং জনপ্রতিনিধিদের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এলাকাবাসীর দাবি, মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এখনই প্রয়োজন টেকসই ও নিরাপদ অবকাঠামো নির্মাণে কার্যকর উদ্যোগ।পপ