টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (৮ মে ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা টেকনাফের হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।