কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা
ষ্ট্যাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলা শাখার পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শরীফুল ইসলাম নিশাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাফিউল ইসলাম নওশাদ।
শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতেই এ আংশিক কমিটি অনুমোদনের কথা জানানো হয়েছে।
কমিটির অন্যান্য পদে সিনিয়র সহসভাপতি হয়েছেন আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন রাজীব এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রাহাত ইসলাম সাগরকে। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা সংগঠনকে আরও সক্রিয় ও তৃণমূলভিত্তিক করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এর আগে গত বছরের ১৫ মে জেলা ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হলেও ৪ জুন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সেটি স্থগিত করা হয়। দীর্ঘ বিরতির পর নতুন কমিটি ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে এবং জেলার সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে।