কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় বজ্রপাতের বিকট শব্দে সরওয়ার কামাল (৩৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (আজ) দুপুর আনুমানিক দেড়টার দিকে নাফ নদী থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার শরীরে স্ট্রোকের লক্ষণ দেখা দিলে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হ্নীলা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে আকস্মিক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যরা গভীর শোকে ভেঙে পড়েছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল বজ্রপাতের সময় খোলা স্থানে চলাচলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং নিহতের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।