হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় বিশেষ অভিযান, গোপন সংবাদের ভিত্তিতে সাফল্য
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানায়, মাদক, অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস ও অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৭ এপ্রিল দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
নৌবাহিনীর একটি বিশেষ কন্টিনজেন্ট হ্নীলা ইউনিয়ন-এর ফুলের ডেইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে ২টি জি-৩ (G3) রাইফেল, ১টি এমএ-১ (MA-1) রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়।
একই সঙ্গে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা প্রায় ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।
নৌবাহিনী আরও জানায়, টেকনাফসহ দায়িত্বপ্রাপ্ত উপকূলীয় এলাকায় মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে।