উখিয়ায় বিজিবি’র অভিযানে বিপুল গোলাবারুদ উদ্ধার
কক্সবাজার, ২৫ এপ্রিল ২০২৬: কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব সামগ্রীর আনুমানিক মূল্য ৫৬ হাজার ৭০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, গত ২৫ এপ্রিল রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে পালংখালী বিওপি’র সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে এবং বিওপি থেকে প্রায় ১ কিলোমিটার পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে বাহারপাড়া এলাকায় তল্লাশি চালানো হয়।
এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দেশীয় দা ও গোলাবারুদ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। তবে অভিযুক্তদের আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া দুষ্কৃতকারীদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার অঞ্চলের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।