টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ৭৫ লাখ টাকার ইয়াবা জব্দ করেছে
উপশিরোনাম:
কেরুনতলী খাল এলাকায় বিশেষ অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার, পালিয়েছে জেলে
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সকালে টেকনাফ থানাধীন কেরুনতলী খাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাঠের ডিঙি নৌকাকে থামার সংকেত দেওয়া হলে নৌকায় থাকা জেলে পানিতে লাফিয়ে পাশের প্যারাবনে পালিয়ে যায়।
পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে প্রায় ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা।
জব্দকৃত নৌকা ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।