আশুগঞ্জে ২০ কেজি গাঁজাসহ আটক ২, মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা
সামজাদ জসি,সিনিয়র স্টাফ রিপোর্টার:-ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) ভোরে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার রামগঞ্জ (দৌলতপুর) গ্রামের মো. কাজী নজরুল ইসলাম (১৮) এবং হবিগঞ্জ সদর থানার বারাপৈত গ্রামের মো. বশির মিয়া (২৯)।
আশুগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়। সন্দেহভাজনদের দেহ ও ব্যাগ তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ মাদক পরিবহনের দায়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করে এবং জব্দ তালিকা মূলে মাদকদ্রব্যগুলো জব্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য ও উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদক নির্মূলে পুলিশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশুগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।