জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে নতুন প্রত্যাশা চেয়ারম্যান প্রার্থী হাজী গোলজার প্রধানের উন্নয়নের অঙ্গীকার
নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা ও প্রত্যাশা। চেয়ারম্যান প্রার্থী হাজী গোলজার প্রধান জনসমর্থন নিয়ে মাঠে সক্রিয় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি জামপুর ইউনিয়নকে আধুনিক, শিক্ষিত, সুশৃঙ্খল, সচেতন ও উন্নয়নমুখী একটি মডেল ইউনিয়নে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে হাজী গোলজার প্রধান বলেন, গণতন্ত্র এমন একটি রাষ্ট্রীয় ব্যবস্থা, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে। সেই গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করেই তিনি জনগণের সেবা করতে চান এবং জামপুরকে একটি সুন্দর, নিরাপদ ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।
তার নির্বাচনী অঙ্গীকারে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ইউনিয়নের প্রতিটি শিশুর জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা হবে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের লেখাপড়া, নৈতিকতা ও ভবিষ্যৎ বিষয়ে আরও সচেতন করে তোলার উদ্যোগ নেওয়া হবে।
যুবসমাজের উন্নয়নে তিনি বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব দূর করার পরিকল্পনাও রয়েছে। তিনি মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে তিনি জানান, শিক্ষার্থীরা যথাসময়ে স্কুল, কলেজ ও মাদ্রাসায় উপস্থিত হচ্ছে কিনা, তা নিয়মিত তদারকি করা হবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারা নিয়মিত পাঠদান করছেন কিনা, তা সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে নিশ্চিত করা হবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তিনি অপরাধীদের আইনের আওতায় এনে সঠিক বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। এছাড়া প্রতিটি গ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি সালিশি ব্যবস্থা গড়ে তুলে সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।
হাজী গোলজার প্রধান বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি একটি সুন্দর, নিরাপদ ও আদর্শ জামপুর ইউনিয়ন।
স্থানীয় ভোটারদের মতে, শিক্ষা, কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার মতো বাস্তবমুখী প্রতিশ্রুতির কারণে চেয়ারম্যান প্রার্থী হাজী গোলজার প্রধান ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। অনেকেই মনে করছেন, তার পরিকল্পনা বাস্তবায়িত হলে জামপুর ইউনিয়নে উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।