নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
স্ট | ১৯ এপ্রিল ২০২৬
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এরই অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ এপ্রিল) টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৩ হাজার ৬০০ পিস ইয়াবা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফ পৌরসভার শাপলাচত্বর এলাকা দিয়ে যানবাহনের মাধ্যমে মাদক পাচারের পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি আভিযানিক দল লেঙ্গুরবিল এলাকায় অবস্থান নিয়ে চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে।
তল্লাশির এক পর্যায়ে একটি সন্দেহজনক প্রাইভেট কার (COROLLA X, Chattogram Metro-Ga, 11-7816) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির গ্যাস সিলিন্ডারের পেছনে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি গাড়িটিও জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত মাদকদ্রব্য ও প্রাইভেট কারটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানায়, দেশের যুবসমাজ ও নতুন প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষায় উপকূলীয় ও সমুদ্রপথে মাদক পাচার প্রতিরোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের কঠোর ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।