টেকনাফে ফসলি জমি থেকে মাটি কাটায় কৃষিজমির ক্ষতির আশঙ্কা, তদন্তের দাবি
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী পাড়া গ্রামের পূর্ব পাশে জোরপূর্বক ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ উঠেছে। এতে আশপাশের জমির মালিকদের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনুমতি ছাড়াই একটি চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে মাটি কাটছে। এর ফলে জমির স্বাভাবিক গঠন নষ্ট হচ্ছে এবং পাশের জমিগুলো ঝুঁকির মধ্যে পড়ছে। তারা আশঙ্কা করছেন, এভাবে মাটি কাটার কার্যক্রম চলতে থাকলে আগামী বর্ষা মৌসুমে আশপাশের জমি ভেঙে পড়বে এবং চাষাবাদ সম্পূর্ণভাবে ব্যাহত হবে।
এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিক শওকত আলী, মাহবুব আলম, তোফায়েল আহমেদ ও মো. হাছনসহ আরও অনেকে। তারা দ্রুত এ অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।