মোহাম্মদ হোসাইন, কক্সবাজার টেকনাফ
কক্সবাজারের টেকনাফ ও ইনানী উপকূল থেকে সাগরপথে মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগরের নিকট ডুবে যাওয়ার ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ট্রলারে থাকা প্রায় আড়াই শতাধিক যাত্রীর মধ্যে দুই শতাধিক এখনো নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ কোস্ট গার্ড সূত্র জানায়, ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ৯ জনের মধ্যে ৬ জন বাংলাদেশি এবং ৩ জন রোহিঙ্গা। উদ্ধারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া যাত্রীদের বরাত দিয়ে জানা যায়, গত ৪ এপ্রিল কক্সবাজারের ইনানী, টেকনাফের নোয়াখালী ও রাজারছড়া এলাকা থেকে ছোট নৌকায় করে তাদের একটি বড় ট্রলারে তোলা হয়। প্রায় ২৮০ জন যাত্রী নিয়ে ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। আট দিন পর আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি পৌঁছালে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
বেঁচে ফেরা যাত্রীরা জানান, দুর্ঘটনার পর তারা পানির বোতল ও তেলের ট্যাংকি ধরে টানা দুই দিন সাগরে ভাসতে থাকেন। পরে একটি বাংলাদেশি জাহাজ তাদের উদ্ধার করে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। তবে বাকি যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রফিকুল ইসলাম জানান, কাজের প্রলোভনে তাকে টেকনাফে নিয়ে গিয়ে একটি পাহাড়ে বন্দী করে রাখা হয়। পরে গভীর রাতে তাকে অন্যদের সঙ্গে একটি কার্গো বোটে তোলা হয়, যেখানে গাদাগাদি করে প্রায় আড়াই শতাধিক মানুষ ছিল।
তিনি বলেন, “আট দিন সাগরে চলার পর মাঝি ও যাত্রীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে আমাদের বরফঘরে আটকে রাখা হয়। কিছুক্ষণের মধ্যেই ট্রলারটি ডুবে যায়। এরপর আমরা কয়েকজন দুই দিন সাগরে ভেসে ছিলাম, পরে একটি জাহাজ আমাদের উদ্ধার করে।”
এদিকে টেকনাফের হোয়াইক্যং এলাকার সোহান উদ্দিনের বাবা শামসুর আলম অভিযোগ করেন, প্রতারণার মাধ্যমে তার ছেলেকে দালালের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানো হচ্ছিল। পরে থানা থেকে খবর পেয়ে তিনি ছেলেকে অসুস্থ অবস্থায় উদ্ধার পান।
অন্য এক উদ্ধারপ্রাপ্ত রোহিঙ্গা, মো. ইমরান বলেন, “ক্যাম্পের জীবন থেকে মুক্তি পেতে সাগরপথে যাত্রা করেছিলাম। কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা আমাদের জীবনকে বিপন্ন করে তুলেছে। এত মানুষের মৃত্যুর কথা ভাবতেই কষ্ট হচ্ছে।”
কোস্ট গার্ড বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেছে। মামলার তথ্যমতে, ‘তানজিনা সুলতানা’ নামের বোটে করে অবৈধভাবে মালয়েশিয়াগামী এসব যাত্রী বৈরী আবহাওয়ায় ট্রলারডুবির শিকার হন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দালালদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে কোস্ট গার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়াগামী বাংলাদেশি পতাকাবাহী জাহাজ “এম টি মেঘনা প্রাইড” ভাসমান অবস্থায় ৯ জনকে উদ্ধার করে এবং পরে তাদের কোস্ট গার্ডের টহল জাহাজে হস্তান্তর করে।
উদ্ধারকৃতরা হলেন:
মো. ইমরান, রাহেলা বেগম, হৃদয়, সোহান উদ্দিন, মো. আকবর, রফিকুল ইসলাম, তোফায়েল, সায়াদ আলম ও মো. হামিদ।