লালমাইয়ে বলিপদুয়া কলিয়ার টেককে বিনোদন পার্কের দাবীতে জানান এলাকাবাসী
(এম এ রাজু) কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বলিপদুয়া কলিয়ার টেক কে একটি আধুনিক ও জাতীয় মানের বিনোদন স্পটে রূপান্তরের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই এলাকা পর্যটনের অপার সম্ভাবনা ধারণ করে থাকলেও এখনো তা অবহেলিত অবস্থায় পড়ে আছে বলে অভিযোগ এলাকাবাসীর।
সবুজে ঘেরা উঁচু-নিচু, খোলা প্রাকৃতিক পরিবেশ এবং নিরিবিলি পরিবেশের কারণে বলিপদুয়া কলিয়ার টেক সহজেই একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। সঠিক পরিকল্পনা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি শুধু লালমাই নয়, পুরো কুমিল্লা জেলার একটি গুরুত্বপূর্ণ বিনোদন স্পট হিসেবে গড়ে উঠবে।
এলাকাবাসী জানান, এখানে পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা, বিশ্রামাগার, পার্ক, শিশুদের বিনোদন ব্যবস্থা ও দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গড়ে তোলা হলে দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব হবে। এতে স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
স্থানীয় সমাজসেবক ও সচেতন মহল নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো লালমাইয়ের এই সম্ভাবনাময় এলাকাটিকেও উন্নয়নের আওতায় আনা জরুরি। তারা দ্রুত একটি মাস্টারপ্ল্যান গ্রহণ করে বলিপদুয়া কলিয়ার টেককে একটি আধুনিক বিনোদন কেন্দ্রে রূপান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বলিপদুয়া কলিয়ার টেক সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।