কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে এক স্কুলছাত্র অপহরণের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপহৃত ছাত্রের নাম মোঃ কলিম উল্লাহ, তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাহারছড়ার নোয়াখালী পাড়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। ঘটনার পর অপহরণকারীরা অপহৃত শিক্ষার্থীর একটি ছবি তার ভাইয়ের কাছে পাঠিয়েছে। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
পরিবারের দাবি, অপহরণকারীরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে এবং নিজেদের আড়াল করতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে। স্থানীয়দের অভিযোগ, নোয়াখালী পাড়া এলাকার কিছু ভূমি দালাল চক্রের সদস্য এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
এদিকে, এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সময়ের মধ্যে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।