নিকলীতে পুলিশের জালে নারী মাদক কারবারি, উদ্ধার বিপুল ইয়াবা ও নগদ টাকা
স্টাফ রিপোর্টার:কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাদকবিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেয়েছে পুলিশ। বিশেষ অভিযানে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, মাদক নির্মূলে চলমান কার্যক্রমের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানা পুলিশ একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) গুরুই ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন নোয়াগাঁও এলাকায় অভিযানটি চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই শরিফুজ্জামান। তার সঙ্গে ছিল পুলিশের একটি টিম। সন্দেহভাজন হিসেবে এক নারীকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছে থাকা ব্যাগ থেকে ৭৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির ২২ হাজার ৫০ টাকা নগদ জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে আটক নারী দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে তথ্য পাওয়া গেছে। অভিযানের সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।