গাইবান্ধায় পূর্ব বিরোধের জেরে হামলা, গুরুতর আহত ৩
মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় । একই পরিবারের তিনজন গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে দুইজনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৯নং বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ ইসবপুর গ্রামের বাসিন্দা মোঃ মুনছুর আলী সরকার (৭৪) দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধে জড়িয়ে আছেন। এ ঘটনায় এর আগে থানায় মামলা দায়ের করা হলে তা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) ভোর সাড়ে ৬টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে তাদের বাড়ির পাশের জমিতে প্রবেশ করে। এসময় তারা মুনছুর আলীর ছেলে শরিফুল ইসলামকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং একাধিক সেলাই দিতে হয়।
একই সময় হামলাকারীরা অপর ছেলে সুলতান মিয়ার ওপরও হামলা চালায়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরিবারের দাবি, হামলার সময় তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়।
এ ঘটনায় এগিয়ে আসা সুলতান মিয়ার স্ত্রী নিলুফা বেগমকেও মারধর করা হয় এবং তার শ্লীলতাহানির অভিযোগও উঠেছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, হামলাকারীরা এলাকায় প্রভাবশালী এবং এর আগেও তাদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করা হলেও তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। হামলার পর আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।
এ বিষয়ে সাদুল্যাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ভুক্তভোগী মুনছুর আলী সরকার । ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।