শিলাবৃষ্টি ও উজানের পানিতে হাওরের ধান তলিয়ে দিশেহারা কৃষক
মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি।প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে নেত্রকোনার হাওরাঞ্চল। শিলাবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির চাপে নেত্রকোনার মদন উপজেলার দেওসহিলা হাওরসহ বিস্তীর্ণ বোরো ধানক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন হাজারো কৃষক। দেওসহিলা হাওর, মদন উপজেলা স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় আধা-পাকা বোরো ধান কাটার আগেই পানির নিচে তলিয়ে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রতিক শিলাবৃষ্টি, যা অনেক জমির ধান ভেঙে মাটিতে লুটিয়ে পড়ে ব্যাপক ক্ষতির সৃষ্টি করেছে। এতে করে কৃষকদের স্বপ্নের ফসল হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কৃষক আব্দুল করিম বলেন,“অনেক কষ্ট করে ধান লাগাইছি। এখন যদি পানিতে ডুবে যায়, তাহলে ঋণ শোধ করবো কিভাবে? পরিবার চালানোই কঠিন হয়ে যাবে।”
শুধু মদন উপজেলা নয়, নেত্রকোনার হাওর অধ্যুষিত মোহনগঞ্জ, খালিয়াজুরী ও মদন উপজেলার বিভিন্ন হাওর এলাকাতেও একই চিত্র দেখা গেছে। শিলাবৃষ্টি ও পানির চাপের কারণে নিম্নাঞ্চলের অধিকাংশ জমির ধান নুয়ে পড়েছে এবং অনেক জমির ধান পানিতে পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কৃষকরা জানান, হঠাৎ পানি বৃদ্ধি ও শিলাবৃষ্টির কারণে আগাম ধান কাটার সুযোগ পাননি তারা। এতে করে ঋণ নিয়ে চাষ করা কৃষকদের মাথায় হাত পড়েছে। অনেকেই এখন আর্থিক ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। তবে পানি দ্রুত না কমলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সহায়তা কামনা করেছেন স্থানীয়রা। একই সঙ্গে দেশের সকল মানুষের কাছে দোয়া চেয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। প্রাকৃতিক লীলা একমাত্র আল্লাহর হাতে—কৃষক ও ফসল রক্ষায় সবার দোয়া কামনা স্থানীয়দের।