কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি টহল দল শাহপরী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা বলে জানানো হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, দেশের উপকূলীয় এলাকায় মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।