চকরিয়ায় পলাতক আসামির বাড়িতে পুলিশের অভিযান: একনলা বন্দুক ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার
মোঃ আবদুল্লাহ (আল-মামুন)কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের অভিযানে একাধিক মামলার পলাতক আসামির বাড়ি থেকে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে । শনিবার (৪ এপ্রিল) রাতে চকরিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে । এ সময় পলাতক আসামি মোহাম্মদ ইউনুস ওরফে মইগ্গা পুতুর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় ।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মোহাম্মদ ইউনুস ওরফে মইগ্গা পুতু ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে । এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে ।
পুলিশ আরও জানায়, পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে । পাশাপাশি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে ।