পাইকগাছা সাতক্ষীরা সরাসরি বাস সার্ভিস চালুর দাবি জোরদার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃপাইকগাছা থেকে কৈরা ও আশাশুনি হয়ে সাতক্ষীরা পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালুর দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এ গুরুত্বপূর্ণ রুটে সরাসরি বাস চলাচল না থাকায় প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন হাজারো যাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকগাছা থেকে কৈরা হয়ে আশাশুনি হয়ে সাতক্ষীরার দূরত্ব প্রায় ৬০-৭০ কিলোমিটার। কিন্তু সরাসরি বাস না থাকায় যাত্রীদের পাইকগাছা থেকে কয়রা, সেখান থেকে আশাশুনি এবং পরে সাতক্ষীরা পর্যন্ত একাধিক যানবাহন পরিবর্তন করে যাতায়াত করতে হয়। পাইকগাছা উপজেলার বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “একটা জায়গা থেকে আরেক জায়গায় যেতে বারবার গাড়ি বদলাতে হয়। এতে সময়ও বেশি লাগে, খরচও বেড়ে যায়। সরাসরি বাস চালু হলে আমাদের অনেক উপকার হবে।” শিক্ষার্থী সুমাইয়া খাতুন বলেন, “আমাদের অনেকেরই পড়াশোনা বা কোচিংয়ের জন্য সাতক্ষীরা যেতে হয়। সরাসরি বাস না থাকায় খুব ভোগান্তি পোহাতে হয়।
বিশেষ করে পরীক্ষার সময় খুব সমস্যায় পড়তে হয়।” স্থানীয় ব্যবসায়ী আব্দুল কাদের জানান, “পাইকগাছা, কয়রা ও আশাশুনির সাথে সাতক্ষীরার ব্যবসায়িক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত যোগাযোগ ব্যবস্থা না থাকায় ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়ছে। বাস সার্ভিস চালু হলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বাড়বে।” এদিকে সম্ভাব্য ভাড়া নিয়েও মত দিয়েছেন যাত্রীরা। তাদের মতে, এ রুটে সরাসরি বাস চালু হলে ভাড়া ১০০-১৫০ টাকার মধ্যে নির্ধারণ করা হলে তা সবার জন্য গ্রহণযোগ্য হবে। পাইকগাছা উপজেলা পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড এফএমএ রাজ্জাক বলেন “এই রুটে সরাসরি বাস সার্ভিস চালুর বিষয়টি অত্যন্ত যৌক্তিক।
আমরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনবো এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।” এক পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “রুটটি চালুর জন্য যাত্রী চাহিদা যথেষ্ট রয়েছে। প্রয়োজনীয় অনুমোদন ও রুট পারমিট পেলে খুব দ্রুতই বাস সার্ভিস চালু করা সম্ভব।” এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে পাইকগাছা-কৈরা-আশাশুনি হয়ে সাতক্ষীরা রুটে সরাসরি বাস সার্ভিস চালু করা হলে যাত্রীদের ভোগান্তি কমবে এবং দুই জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে।