বাহারছড়ায় কোস্ট গার্ডের যৌথ অভিযান: ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ, আটক ১
নজরুল ইসলাম খোকন টেকনাফ কক্সবাজার।
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় কোস্ট গার্ডের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
অভিযানে ২টি গুদাম তল্লাশি করে প্রায় ১১৮ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে প্রায় ৬০ লক্ষ মিটার অবৈধ চরঘেরা জাল, ৪০ লক্ষ মিটার কারেন্ট জাল এবং ২০টি বেহুন্দি জাল।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। জব্দকৃত জালগুলো অবৈধভাবে মজুদ ও বাজারজাত করার উদ্দেশ্যে রাখা হয়েছিল।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। তার পরিচয় যাচাই ও সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রশাসন আরও জানায়, এ ধরনের অবৈধ জাল সামুদ্রিক পরিবেশ ও মাছের প্রজননের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই এদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।