টেকনাফে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা: নারী ও শিশুসহ ৭ জন উদ্ধার
টেকনাফ, কক্সবাজার | ৩১ মার্চ ২০২৬
কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে, কক্সবাজারের টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে কয়েকজন নারী ও শিশুকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে, যাদের সাগর পথে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা চলছে।
এ তথ্যের ভিত্তিতে সোমবার (৩০ মার্চ) বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ মোট ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং স্বল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করে সাগর পথে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করে আসছিল।
উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, মানব পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।