পেট্রোল-অকটেন মজুদ রেখেও বিক্রি না করায় ফিলিং স্টেশনকে জরিমানা
(নিজস্ব প্রতিবেদক)
কুমিল্লার লালমাই উপজেলায় তেল মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে বিক্রি না করায় ‘সারা ফিলিং স্টেশন’-কে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতুর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ অনিয়ম ধরা পড়ে। এ সময় দেখা যায়, স্টেশনটিতে ১২১ লিটার পেট্রোল ও ৫৯ লিটার অকটেন মজুদ থাকা সত্ত্বেও তা বিক্রি করা হচ্ছিল না।
অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় স্টেশনের ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ইউএনও তাৎক্ষণিকভাবে মজুদ থাকা তেল উপস্থিত গ্রাহকদের মধ্যে বিক্রির নির্দেশ দেন।
এ বিষয়ে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, “কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোক্তাদের ভোগান্তিতে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মজুদ রেখে তেল বিক্রি না করা আইনত দণ্ডনীয় অপরাধ।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অনিয়ম প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।