কুমিল্লা সদর দক্ষিণে ফিলিং স্টেশনে অভিযান, তেল সরবরাহ স্বাভাবিক থাকার দাবি প্রশাসনের
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজী এলাকায় অবস্থিত ‘রাহাত ফিলিং সেন্টার’-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, পাম্পটিতে পর্যাপ্ত অকটেন মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল সরবরাহ করা হচ্ছিল না। এ বিষয়ে এক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত সরেজমিনে গিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করে।
তদন্ত শেষে ম্যাজিস্ট্রেট জানান, কোনো ফিলিং স্টেশনে তেল মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করা বা গ্রাহকদের তেল সরবরাহে বিরত থাকা আইনত দণ্ডনীয় অপরাধ। তবে অভিযানের সময় পর্যালোচনায় দেখা যায়, সংশ্লিষ্ট পাম্পটির গত তিন মাসের গড় অকটেন ক্রয় ও বিক্রয়ের হিসাব স্বাভাবিক রয়েছে।
এ অবস্থায় সাধারণ জনগণকে অযথা আতঙ্কিত না হয়ে ফিলিং স্টেশনগুলোতে অতিরিক্ত চাপ সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন আরও জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল রাখা, অপচয় রোধ ও চোরাচালান প্রতিরোধে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।