টেকনাফে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২
| ২৮ মার্চ ২০২৬
কক্সবাজারের টেকনাফে একটি চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে একজন আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোহাম্মদ রাকিবুল হাসানের পরিকল্পনায়, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, টেকনাফ থানার মামলা নং-৪৯, তারিখ ২৭ মার্চ ২০২৬; জি.আর নং-২২৮, ধারা ৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী দায়েরকৃত এ হত্যা মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মোহাম্মদ রুবেল (২১), মাতা সেনুয়ারা বেগম এবং মোঃ হাসান ওরফে বাংলা (২৪), পিতা জাফর আলম, মাতা রাশেদা বেগম। উভয়ের বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের ইসলামাবাদ ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লান পাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ভিকটিম ফাইয়ছ উদ্দিন ফয়েজ (২০)-এর মায়ের সমিতি থেকে তোলা ২০ হাজার টাকা লুটের উদ্দেশ্যে তারা পরিকল্পনা করে। ঘটনার দিন ভিকটিমের মা ঘরে না থাকার সুযোগে তারা ঘরে প্রবেশ করে। এ সময় ভিকটিম তাদের দেখে ফেললে আসামিরা ঘরে থাকা একটি কুড়াল দিয়ে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই ফয়েজের মৃত্যু হয়। পরে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
গ্রেপ্তারের পর আসামিদের মধ্যে মোহাম্মদ রুবেল (২১) আদালতে ১৬৪ ধারায় স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দিতে তিনি এ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য সহযোগীদের নামও প্রকাশ করেছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন।