উখিয়ায় প্রতিবন্ধী নারী ও স্বামীর ওপর নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত তিন ছেলে।
সোলতান আহমদ টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী গজুঘোনা এলাকায় এক প্রতিবন্ধী নারী ও তার স্বামীর ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে তাদেরই তিন ছেলের নাম উঠে এসেছে।
ভুক্তভোগী সুফিয়া বেগম (প্রতিবন্ধী) ও তার স্বামী আবুল কালাম অভিযোগ করে জানান, তাদের তিন ছেলে—মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইউনুছ ও সাইফুল—দীর্ঘদিন ধরে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। সম্প্রতি তারা ঘরবাড়ি ভাঙচুর করে এবং মারধর করে তাদের বাড়ি থেকে বের করে দেয় বলেও অভিযোগ করেন।
সুফিয়া বেগম বলেন,
“আমরা অসহায়। ছেলেরা আমাদের মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।”
ভুক্তভোগীরা আরও জানান, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাননি।
এ ঘটনায় তারা আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে, স্থানীয় সচেতন মহল ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।