আগুনে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে বাহুবলের ইউএনও উজ্জ্বল রায়
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল উপজেলার গুহারুয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত প্রায় ৯টার দিকে গুহারুয়া গ্রামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে অন্তত সাতটি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়ে।
শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও উজ্জ্বল রায়। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পরে তাৎক্ষণিকভাবে প্রত্যেক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ইউএনও উজ্জ্বল রায় বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য টিন ও নগদ অর্থ সহায়তার ব্যবস্থা করা হবে। তিনি এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) ও সংশ্লিষ্ট সংসদ সদস্যকে অবগত করেছেন বলেও জানান।
স্থানীয়রা জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।