সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনের গুঞ্জন, আলোচনায় বিএনপি নেতা আল মুজাহিদ মল্লিক
মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ না হতেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুরু হয়েছে উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা।
এমন পরিস্থিতিতে আলোচনায় উঠে এসেছে সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক-এর নাম।
জানা গেছে, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন না পেলেও দলের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন রেখে মাঠে সক্রিয় ছিলেন তিনি। দলীয় প্রার্থী আজহারুল ইসলাম মান্নান-কে বিজয়ী করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সর্বাত্মক প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, নির্বাচনকালে তার সক্রিয় ভূমিকা এবং দলের প্রতি নিষ্ঠা নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা তৈরি করেছে, যার সুফলও পেয়েছে দল।
এদিকে জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আল মুজাহিদ মল্লিক প্রার্থী হলে দল শক্ত অবস্থানে থাকবে।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থিতা ঘোষণা দেননি তিনি। তবে তৃণমূল নেতাকর্মীদের মুখে মুখে উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নামই বেশি শোনা যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনে উপজেলা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মাঠ পর্যায়ে আলোচনা শুরু হওয়াটা স্বাভাবিক। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন সোনারগাঁয়ের বিএনপির এই নেতা আল মুজাহিদ মল্লিক।