বরগুনায় ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা, টাকা ও স্বর্ণালংকার লুট
মোঃ জাহিদুল ইসলাম (জিহাদী)
ক্রাইম রিপোর্টার
বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের বাবুগঞ্জ বাজার সংলগ্ন গোড়াপদ্মা গ্রামে ঘরে ঢুকে এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যা করার ঘটনা ঘটেছে। হত্যার পর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহত গৃহবধূর নাম মমতাজ বেগম। তিনি ওই এলাকার কৃষক আবুল হোসেনের স্ত্রী। শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে লোহার রড বা ধাতব কোনো বস্তু দিয়ে উপর্যুপরি আঘাত করে মমতাজ বেগমকে হত্যা করে। হামলায় তার মুখমণ্ডল মারাত্মকভাবে থেঁতলে যায়। হত্যাকাণ্ডের পর ঘরের আলমারি ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
শুক্রবার বিকেলে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানান, মমতাজ বেগম শান্ত স্বভাবের একজন গৃহবধূ ছিলেন। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
নিহতের স্বজনদের অভিযোগ, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘরে ঢুকে তাকে হত্যা করে এবং ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নলটোনা ইউনিয়নের বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রিপন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, “ঘটনাস্থলকে ক্রাইম সিন ঘোষণা করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোহার রড বা ধাতব কোনো বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ১০ নম্বর নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম শফিকুজ্জামান মাহফুজ বলেন, “এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনা উচিত।”
পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।