বদর দিবসঃ ইসলামের ইতিহাসে গৌরবময় বিজয়ের দিন
মোঃ আবদুল্লাহ (আল-মামুন)
ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবময় অধ্যায় হলো বদরের যুদ্ধ । ২ হিজরির ১৭ রমজান, খ্রিষ্টাব্দ ১৭ মার্চ ৬২৪ সালে মদিনার মুসলমানদের সঙ্গে মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত হয় এই ঐতিহাসিক যুদ্ধ । ইতিহাসে এটি ইসলামের প্রথম প্রধান যুদ্ধ হিসেবে বিবেচিত, যা মুসলিম উম্মাহর জন্য বিজয়, আত্মবিশ্বাস ও শক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছিল ।
রমজানের পবিত্র মাসে, দ্বিতীয় হিজরির ১৭ রমজানে সংঘটিত এই যুদ্ধকে ইসলামের প্রথম আত্মরক্ষামূলক সশস্ত্র সংগ্রাম হিসেবে উল্লেখ করা হয় । সে সময় মদিনায় প্রথমবারের মতো রোজা পালিত হচ্ছিল । এমন পবিত্র সময়েই সংঘটিত হয় ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, গাযওয়ায়ে বদর ।
ইতিহাস থেকে জানা যায়, মাত্র- ৩১৩ জন মুসলিম যোদ্ধা, যাদের অধিকাংশই ছিলেন পদাতিক এবং সামান্য অস্ত্রশস্ত্রে সজ্জিত, তারা মুখোমুখি হন- ১০০০ জন সুসজ্জিত কুরাইশ বাহিনীর বিরুদ্ধে । কুরাইশদের ছিল বিপুল সামরিক শক্তি- ১০০টি ঘোড়া ও প্রায়- ৭০০টি উট, অপরদিকে মুসলমানদের ছিল মাত্র ২টি ঘোড়া ও ৭০টি উট । তবুও দৃঢ় ঈমান, সাহস এবং আল্লাহর উপর ভরসা নিয়ে অসম এই যুদ্ধে অবতীর্ণ হন মুসলিম যোদ্ধারা ।
মহান আল্লাহ তাআলার বিশেষ সাহায্যে শেষ পর্যন্ত মুসলমানরা ঐতিহাসিক বিজয় অর্জন করেন । এ যুদ্ধে মুসলমানদের ১৪ জন সাহাবি শহীদ হন, আর কুরাইশ বাহিনীর ৭০ জন নিহত ও ৭০ জন বন্দী হয় ।
পবিত্র কোরআনে এই বিজয়ের প্রসঙ্গ উল্লেখ করে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,
বদরের যুদ্ধে যখন তোমরা ছিলে হীনবল, তখন আল্লাহই তোমাদের সাহায্য করেছিলেন । সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো ।
-------(সূরা আলে ইমরান: ১২৩)
যুদ্ধের সময়, স্থান ও প্রেক্ষাপট
তারিখ:- ১৭ রমজান, ২ হিজরি / ১৭ মার্চ ৬২৪ খ্রিষ্টাব্দ
স্থান:- মদিনা থেকে প্রায় ৮০ মাইল দক্ষিণ-পশ্চিমে বদর উপত্যকা
ফলাফল:- মুসলমানদের ঐতিহাসিক বিজয়
বিবাদমান পক্ষ
মদিনার মুসলমানরা
মক্কার কুরাইশ বাহিনী
নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব
মুসলিম বাহিনীঃ
হযরত মুহাম্মদ (সা.), হযরত আবু বকর (রা.), হযরত উমর ইবনুল খাত্তাব (রা.), হযরত হামজা ইবনে আবদুল মুত্তালিব (রা.) এবং হযরত আলী ইবনে আবি তালিব (রা.) ।
কুরাইশ বাহিনীঃ
আবু জাহল, উতবা ইবনে রাবিয়া ও উমাইয়া ইবনে খালাফ ।
ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ শুধু একটি সামরিক বিজয় নয়; এটি সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার এক অনন্য দৃষ্টান্ত । এই যুদ্ধ মুসলমানদের ঐক্য, ত্যাগ ও আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসের প্রতীক হিসেবে যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে আছে। প্রতি বছর ১৭ রমজান এ দিনটি মুসলিম বিশ্বে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে স্মরণ করা হয় ।