পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ের অফিসকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। তিনি সদ্য পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তাদের আন্তরিক অভিনন্দন জানান।
এ সময় তিনি দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, পদোন্নতি কেবল একটি স্বীকৃতি নয়; এর সঙ্গে দায়িত্ব ও জবাবদিহিতা বহুগুণে বৃদ্ধি পায়। তিনি সদস্যদের সততা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি জনগণের আস্থা অর্জন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং নিরপেক্ষতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত সরকার। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে পদোন্নতিপ্রাপ্ত সদস্যরা বাহিনীর মর্যাদা সমুন্নত রাখা এবং জনগণের সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জেলা পুলিশ আশাবাদ ব্যক্ত করে জানায়, নবপদোন্নত সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবেন।