বাকচান্দা বাজারে জমি ক্রয়কে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ
ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাকচান্দা বাজার এলাকায় ১১ শতাংশ জমি ক্রয়কে কেন্দ্র করে চাঁদাবাজি, হুমকি ও দখলবাধার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে। ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, হোসেনপুর উপজেলার পানান গ্রামের বাসিন্দা জুবায়ের হোসেন গাজী (জুয়েল) সম্প্রতি বাকচান্দা গ্রামের বাসিন্দা রেশমা আক্তার (স্বামী: মিসির আলী)-এর কাছ থেকে বাকচান্দা বাজার সংলগ্ন মোট ১১ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকেই স্থানীয় নবী হোসেন তার ছেলে সিরাজ ও তার ভাইগণ,মোঃ মোফাজ্জল হোসেন পিতাঃলাবু মুন্সী হোসেনপুর উপজেলা উওর পানান বাসিন্দা গং নামের একটি পক্ষ তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ অনুযায়ী, জমির ক্রেতা জুবায়ের হোসেন গাজী জুয়েলের কাছে ৫ লক্ষ টাকা এবং বিক্রেতা রেশমা আক্তারের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা না দিলে জমিতে দখল নিতে বাধা দেওয়া এবং শারীরিকভাবে ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
রেশমা আক্তার জানান, জমি বিক্রির টাকার মধ্য থেকে ১০ লক্ষ টাকা না দিলে আমাদের পরিবারের ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। প্রাণের ভয়ে আমি বাড়ি ছেড়ে নান্দাইলে আমার বোনের বাড়িতে অবস্থান করছি। আমার মেয়েও ভয়ে ঠিকমতো লেখাপড়া করতে পারছে না।
তিনি আরও বলেন, আমরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচার চাই।
অপরদিকে জমির ক্রেতা জুবায়ের হোসেন গাজী জুয়েল অভিযোগ করেন, জমি ক্রয়ের পর থেকে তিনি সেখানে দখল বুঝে নিতে গেলে সিরাজ গং বাধা সৃষ্টি করছে। তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা না দিলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, “আমি বৈধভাবে জমি কিনেছি। তারপরও কেন ৫ লক্ষ টাকা দিতে হবে জানতে চাইলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে হোসেনপুর থানার এক কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি ভুক্তভোগীদের থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জুবায়ের হোসেন গাজী জুয়েল বাকচান্দা বাজারে জমি ক্রয় করেছেন। তবে ওই জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে সিরাজ গং তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করছেন বলে এলাকায় আলোচনা রয়েছে। বিষয়টি দ্রুত সমাধান না হলে এলাকায় অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
বর্তমানে জমির ক্রেতা ও বিক্রেতা উভয় পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। তারা অবিলম্বে প্রশাসনের সুদৃষ্টি ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন, যাতে চাঁদাবাজি ও হুমকি বন্ধ হয়ে তারা স্বাভাবিকভাবে বসবাস ও ব্যবসা পরিচালনা করতে পারেন।