চকরিয়ায় বালুখেকোদের হামলাঃ ছবি তুলতে গিয়ে ৩ সাংবাদিক গুরুতর আহত, গ্রেফতারের দাবিতে মানববন্ধন
মোঃ আবদুল্লাহ (আল্-মামুন)
অবৈধ বালু উত্তোলনের ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে বালুখেকো চক্রের হামলায় তিন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন । এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় সাংবাদিকরা । হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার বিকেলে চকরিয়া নিউ মার্কেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় । রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর হারবাং এলাকায় অবৈধ বালু উত্তোলনের তথ্য পেয়ে ঘটনাস্থলে গেলে বালু ব্যবসার মূলহোতা নাজিম উদ্দিন নিজে ও শ্রমিকদের লেলিয়ে দিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ । হামলাকারীরা সাংবাদিকদের বেদম মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং কয়েক ঘণ্টা আটকে রাখে ।
আহতরা হলেন....
১/কালের কণ্ঠ ও দৈনিক আজাদী-এর প্রতিনিধি ছোটন কান্তি নাথ,
২/আমার দেশ ও দৈনিক পূর্বদেশ-এর প্রতিনিধি ইকবাল ফারুক,
৩/দৈনিক সংবাদ ও সুপ্রভাত বাংলাদেশ-এর প্রতিনিধি এম জিয়াবুল হক ।
হামলায় ছোটনের মাথা ফেটে যায়, ইকবালের হাতের তালু কেটে যায় এবং জিয়াবুলের ডান হাতের হাড় ভেঙে অস্ত্রোপচার করতে হয় ।
স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় ।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত । অবিলম্বে জড়িতদের গ্রেফতার করতে হবে এবং এদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
স্থানীয় সাংবাদিক মহল দ্রুত বিচার ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে ।