অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান স্পষ্টভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান–এর পথ অনুসরণ করছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
ফারুকী তার স্ট্যাটাসে উল্লেখ করেন, বেশ কিছুদিন আগে তাকে ১৯৫৩ সালের একটি প্রভাত ফেরির ছবি পাঠানো হয়, যেখানে প্রভাত ফেরি শেষে মোনাজাতরত মানুষের দৃশ্য ছিল। ছবিটির সত্যতা যাচাইয়ের জন্য তিনি সেটি একজনের কাছে দেন। পরে ফাহাম আব্দুস সালামের সৌজন্যে ছবিটি টীকাসহ তার হাতে পৌঁছায় বলে জানান তিনি। একই প্রসঙ্গে তিনি বলেন, গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাত আদায় করেছেন।
স্ট্যাটাসে ফারুকী লেখেন, “অনেক দিন ধরে শুনতেছিলাম, তারেক রহমান এখন আর জিয়াউর রহমানের লাইনে নাই। আমি তো দেখলাম, প্রধানমন্ত্রী হওয়ার পর উনি পরিষ্কার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথেই হাঁটছেন।”
জিয়াউর রহমানের পথ ব্যাখ্যা করে তিনি বলেন, ধর্মীয় পরিচয়, আচার-রীতি গোপন না করেও বহু জাতি, বহু ধর্ম ও বহু ভাষার মানুষের একটি প্রজাতন্ত্র গড়ে তোলা সম্ভব। তার ভাষ্য অনুযায়ী, এমন এক প্রজাতন্ত্রে শহীদ মিনারে ফুল দেওয়া যেমন থাকবে, তেমনি চাইলে মোনাজাত পড়া যাবে এবং ভাষা আন্দোলনের গানও গাওয়া যাবে। পাশাপাশি স্বাধীনতা যুদ্ধ নিয়ে গৌরববোধ ও প্রয়োজনে স্বাধীনতা রক্ষার প্রস্তুতিও থাকবে।
স্ট্যাটাসের শেষাংশে তিনি প্রশ্ন তোলেন, “কে বা কারা কোন সংকোচে এই মোনাজাতকে আমাদের কালেকটিভ মেমোরি থেকে মুছে দিতে চাইলো?” তার মতে, এর পেছনের রাজনীতিই বাংলাদেশের সাংস্কৃতিক সংকটগুলোর একটি বড় কারণ।
ফারুকীর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা তৈরি