সিলেটে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক দিবস পালিত
কামাল খান
সিলেটে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করে সিলেট জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুস শহিদ খান এবং আবৃত্তি শিল্পী সাহেল আহমদ খসরু।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বাংলা ভাষার স্রষ্টা ও সাহিত্য সাধকদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, বাংলা ভাষা আজ দেশের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে বিস্তৃত এটি আমাদের জন্য গর্বের বিষয়। প্রমিত ভাষার ব্যবহার নিশ্চিত করতে বাংলা একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, ভাষার সক্রিয়তা ও বিশুদ্ধতা রক্ষায় প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে আঞ্চলিক ভাষার ব্যবহারে নানা সাহিত্যকর্ম সৃষ্টি হলেও ভাষার শুদ্ধতা ও স্বকীয়তা অক্ষুণ্ণ রাখতে সকলকে সচেতন থাকতে হবে। একসময় সংস্কৃত ও সাধু ভাষার প্রচলন থাকলেও ভাষাকে সহজ ও প্রাঞ্জল করতে চলিত রূপের ব্যবহার শুরু হয়; বর্তমানে অফিস-আদালতসহ সর্বত্র প্রমিত চলিত ভাষার ব্যবহার বাড়ছে, যা বাংলা ভাষার বিকাশে সহায়ক।
তিনি আরও বলেন, বাংলা ভাষার প্রধান দূত হচ্ছি আমরা বাঙালিরা। পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, বাংলা ভাষার ব্যবহার অব্যাহত রাখতে হবে। দেশের সেনাবাহিনী, পুলিশ ও আন্তর্জাতিক মিশনে কর্মরত সদস্যরা বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে আসছেন। বিদেশির মুখে অস্পষ্টভাবে হলেও বাংলা ভাষা শুনতে পাওয়া আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়। ভাষার প্রতি আমাদের আবেগ, আত্মত্যাগ ও সৃজনশীল ঐতিহ্যই এ ভাষাকে চিরস্থায়ী করে রাখবে উল্লেখ করে ভাষার জন্য রাজপথে জীবনদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি জীবনের সব ক্ষেত্রে বাংলা ভাষার যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মায়ের ভাষায় মনের ভাব প্রকাশের যে আবেগ, তা অন্য কোনো ভাষায় পাওয়া যায় না। মাতৃভাষা টিকিয়ে রাখতে সর্বক্ষেত্রে ভাষার প্রয়োগ বাড়াতে হবে এবং প্রমিত উচ্চারণ চর্চা জোরদার করতে হবে। তিনি বলেন, কেবল ভিনদেশি ভাষা সুন্দরভাবে বলা স্মার্টনেস নয়; মাতৃভাষা সঠিকভাবে বলতে পারাও স্মার্টনেসের পরিচায়ক। শিশুদের প্রাথমিক পর্যায় থেকেই সঠিক বাংলা উচ্চারণ শেখাতে হবে।
অনুষ্ঠানে সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
[2/21, 13:30] +880 1820-832782: ময়মনসিংহে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ভাষা আন্দোলন না হলে আমরা ২৪-এর জুলাই আগস্ট আন্দোলনও পেতাম না। ভাষা শহীদদের আত্মত্যাগের যে ঋণ আমরা বহন করছি, তা যথাযথভাবে মূল্যায়ন করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই বিজাতীয় সংস্কৃতির অপসারণের উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলা ভাষায় বিদেশি শব্দের অতিরিক্ত ব্যবহার আমাদের ভাষা ও সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করেছে। ভাষা নিয়ে যারা গবেষণা ও কাজ করেন, তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি বলেন, “রাষ্ট্রভাষা বাংলা চাই” ছিল শুধু ভাষার দাবি নয়, এটি ছিল অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ এবং মাতৃভাষায় কথা বলার মৌলিক অধিকার রক্ষার সংগ্রাম। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কোনো সাধারণ তারিখ নয়, এটি বাঙালি জাতির চেতনার উৎস। এই আন্দোলন আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং অধিকার আদায়ে দৃঢ় হতে শিখিয়েছে, যার ধারাবাহিকতায় আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা। তিনি আরও বলেন, শুধু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গেই নয়, ইউনেসকোর স্বীকৃতি'র মাধ্যমে দিনটি আজ বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।
তিনি সকলকে নিজ নিজ মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভাষার ঐতিহ্যকে ভালোবাসতে হবে এবং পৃথিবীর কোনো ভাষা যেন বিলুপ্ত না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। একই সঙ্গে অন্যের ভাষা ও সংস্কৃতির প্রতিও সম্মান প্রদর্শন করতে হবে। ভাষা শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে লক্ষ্য নিয়ে মাতৃভাষাকে সর্বোচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি সকল ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। আলোচনা শেষে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক এবং সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং মাতৃভাষার প্রতি ভালোবাসার আবহ সৃষ্টি হয়।