লালমাইয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কুমিল্লার লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উম্মে তাহমিনা মিতু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), লালমাই।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দোয়া মাহফিল এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও লালমাই উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।