লালমাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন, দুটি বসতঘর পুড়ে ছাই
কুমিল্লা প্রতিনিধি: লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের ৬ নম্বর চন্দ্রপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে ভুলইন উত্তর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল কুদ্দুস মিয়ার দুটি বসতঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘর দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।
খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ঘর দুটি রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে ঘরে থাকা সকল আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেন ভুলইন উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবিএম ওমর ফারুক সুমন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল আলমসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
ক্ষতিগ্রস্ত মোঃ আব্দুল কুদ্দুস মিয়া জানান, আগুনে তার আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।