ভাটি বাংলার সিংহ পুরুষ লুৎফুজ্জামান বাবর: কারা নির্যাতন পেরিয়ে জনগণের রায়ে সংসদের পথে
মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব লুৎফুজ্জামান বাবর ভূমিধ্বস বিজয় অর্জন করে নতুন রাজনৈতিক বার্তা দিয়েছেন। ভাটি বাংলার সিংহ পুরুষ, গরিব ও মেহনতী মানুষের বন্ধু, কারা নির্যাতিত আপোষহীন নেতা হিসেবে পরিচিত এই রাজনীতিক বিপুল ভোটে নির্বাচিত হয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি করেছেন।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি মোট ১,৬০,৩৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জনাব আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯,৩০৯ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১,২১,০৪২, যা এ আসনের সাম্প্রতিক সময়ে অন্যতম বড় ব্যবধান হিসেবে বিবেচিত হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নেত্রকোনা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩,৭৫,৩০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯০,৬১৩ জন, নারী ভোটার ১,৮৪,৬৮২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। মোট ১৪৯টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়।
স্থানীয়দের মতে, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, আপোষহীন নেতৃত্ব, সাধারণ মানুষের পাশে থাকা এবং মাঠপর্যায়ের সক্রিয় রাজনীতি তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ীর সাধারণ মানুষ তাঁকে দীর্ঘদিন ধরে নিজেদের প্রতিনিধি ও আস্থার প্রতীক হিসেবে দেখে আসছেন। সমর্থকদের ভাষায়, তিনি ভাটি অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এবং নির্যাতন-সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা এক দৃঢ়চেতা নেতৃত্ব।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, সমাবেশ ও উদযাপনের মাধ্যমে নেতাকর্মীরা তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ব্যাপক ভোট ব্যবধানে এই বিজয় আগামী দিনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। দীর্ঘ সময়ের প্রতিকূলতা ও বিতর্ক পেরিয়ে সংসদের পথে তাঁর অগ্রযাত্রাকে অনেকেই নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন। একই নির্বাচনে বাবর, পিন্টু ও আজহারের সংসদমুখী যাত্রা দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।