ফাঁসির মঞ্চ থেকে সংসদে—বাবর, পিন্টু ও আজহারের নাটকীয় প্রত্যাবর্তন
নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ কারাবাস, প্রহসনের বিচারে মৃত্যুদণ্ড, মাথার ওপর ঝুলন্ত ফাঁসির দড়ি—সবকিছুকে পেছনে ফেলে অবশেষে জাতীয় সংসদে জায়গা করে নিয়েছেন তিন নেতা। তারা হলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু এবং জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম।
রাজনৈতিক পটপরিবর্তনের পর বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন এই তিনজন। দীর্ঘ কারাবাসের পর কারাগার থেকে বেরিয়ে জনতার রায়ে তারা এখন সংসদ সদস্য।
বাবর : ১৮ বছরের কারাবাস শেষে বিজয়
২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ২০০৭ সালে গ্রেফতার হন। এরপর দীর্ঘ ১৮ বছর কারাগারে ছিলেন তিনি। এই সময়ের মধ্যে একদিনের জন্যও জামিন পাননি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ছিল তুঙ্গে।
রাজনৈতিক পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পান তিনি। গত বছরের ১৬ জানুয়ারি কারাগার থেকে মুক্তি লাভের পর নিজ নির্বাচনি এলাকা নেত্রকোনায় ফিরে যান। মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরি নিয়ে গঠিত আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক লাখ ২০ হাজারের বেশি ভোটে জয়ী হন।
পিন্টু : মৃত্যুদণ্ড থেকে সংসদে
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু। প্রায় ১৭ বছর কারাবাসের পর ২০২৪ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পান তিনি।
মুক্তির পর জন্মস্থান টাঙ্গাইলের গোপালপুর-ভূঞাপুর আসনে নির্বাচন করেন। ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নিয়ে প্রায় দুই লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হন তিনি।
আজহার : ফাঁসির রায় থেকে বিপুল ভোটে জয়
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার কয়েক বছর পর গ্রেফতার হন তিনি। ২০১২ সাল থেকে দীর্ঘ সময় কারাবন্দি থাকার পর গত বছরের ২৮ মে কারাগার থেকে মুক্তি পান।
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী।
দীর্ঘ কারাবাস ও মৃত্যুদণ্ডের রায় থেকে জাতীয় সংসদে পৌঁছানোর এই যাত্রা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।