স্বাধীনতাবিরোধী গোষ্ঠীকে রুখে দেওয়ার আহ্বান বোয়ালমারীতে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
আব্দুল মতিন মুন্সী ফরিদপুর জেলা প্রতিনিধি :
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতাবিরোধী গোষ্ঠীকে রুখে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারী স্টেডিয়ামে ৯ ই ফেব্রুয়ারী সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদারেস আলী ইসা। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. লোকমান হোসেন পান্না, চেয়ারম্যান, পান্না গ্রুপ। তিনি বলেন, দেশ আজ এক কঠিন সময় পার করছে। এ সময় গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা রক্ষায় জাতীয়তাবাদী শক্তির বিজয় নিশ্চিত করা জরুরি।
জনসভায় সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. সিরাজুল ইসলাম।
সঞ্চালনা করেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় সাহা ও বোয়ালমারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন।
সভাপতির বক্তব্যে এডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, ফরিদপুর-১ আসন বিএনপির ঘাঁটি। এখানে স্বাধীনতাবিরোধী শক্তির কোনো ঠাঁই নেই। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন।
বক্তব্যের শুরুতেই তিনি নিজের প্রার্থিতা স্থগিতের প্রসঙে বলেন
“আমার সঙ্গে যে বেইনসাফি হয়েছে, সেই বেইনসাফির বিরুদ্ধে আমি ইনসাফ চাই। যারা মুখে ইনসাফের কথা বলে, তারাই আমার সঙ্গে বেইনসাফি করেছে।”
তিনি আরও বলেন,
“আমি কোনো ব্যক্তি বা নির্দিষ্ট সংগঠনের পক্ষে কথা বলতে আসিনি। আমি এসেছি বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার পক্ষে কথা বলতে।”
আরিফুর রহমান দোলন অভিযোগ করে বলেন, একটি স্বাধীনতাবিরোধী গোষ্ঠী মুখে ন্যায়বিচারের কথা বললেও বাস্তবে অন্যায়ের আশ্রয় নিচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ফরিদপুর-১ আসনে তারা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন,
“ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বাংলাদেশ।”
জনসভায় ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাসির বলেন, তিনি জনগণের সেবা করতেই রাজনীতিতে এসেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সে পথেই থাকতে চান।
তিনি বলেন,
“আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। এই এলাকার মানুষ হিসেবেই রাজনীতি করছি। বহুবার জেল খেটেছি, হামলা-মামলার শিকার হয়েছি। আমার ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, আমার মাকে মারধর করা হয়েছে। তারপরও কখনও বিএনপি ছেড়ে যাইনি, কখনও আপনাদের ছেড়ে দূরে সরে যাইনি। ভবিষ্যতেও যাব না, ইনশাআল্লাহ।”
জনসভায় বিএনপির তিন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।