রাজবাড়ী-২ আসনে ধানের শীষের পক্ষে হারুন অর রশিদ হারুনুনের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত
আক্কাস আলী খান, রাজবাড়ী প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুন অর রশীদের পক্ষে শেষ নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পাংশা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
এর আগে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাংশা সরকারি জর্জ হাই স্কুল মাঠে এসে জমায়েত হতে থাকেন। বিকেল ৪টার দিকে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সেখান থেকেই গণমিছিল শুরু হয়।
ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক সম্বলিত পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাংশা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
গণমিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতেই এই শেষ নির্বাচনী গণমিছিলের আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, বিপুল ভোটে ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে।