বিএনপি প্রার্থীর কাছে বাপা ও বেনের পরিবেশ বিষয়ক সুপারিশমালা হস্তান্তর
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ১৬২ কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মো. মাজহারুল ইসলামের নিকট পরিবেশ বিষয়ক সুপারিশমালা সংবলিত একটি পুস্তিকা হস্তান্তর করা হয়েছে। গতকাল বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক (বেন)-এর যৌথ উদ্যোগে এ পুস্তিকা প্রদান করা হয়।
এ উপলক্ষে বাপা কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার হোসেন এবং কার্যকরী সদস্য মো. জোনায়েদ হোসেন জুয়েল ও আব্দুর রহমান জুটন।
পুস্তিকায় দেশের পরিবেশগত সংকট মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত সুপারিশ তুলে ধরা হয়। এতে বিশেষভাবে জলাভূমি ও হাওর রক্ষা, নদী ও খাল দখল ও দূষণমুক্তকরণ, শিল্প ও নগর বর্জ্য ব্যবস্থাপনা, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বাপা নেতৃবৃন্দ বলেন, পরিবেশ ধ্বংসের ফলে জনজীবনে যে নেতিবাচক প্রভাব পড়ছে তা থেকে উত্তরণে রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর নীতিমালা অত্যন্ত জরুরি। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে জনাব মো. মাজহারুল ইসলাম পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে এবং জনস্বার্থে পরিবেশ রক্ষায় সংসদে ও মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা পালন করবেন।
পুস্তিকা গ্রহণকালে বিএনপি প্রার্থী মো. মাজহারুল ইসলাম বাপা ও বেনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, পরিবেশ সংরক্ষণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।